
ডেস্ক: এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল যে ঠিক কত নাম ফাইনাল লিস্টে আপডেট হল, আর কত নাম বাদ পড়ল। নির্বাচন কমিশন সেই নিয়ে কোনও বক্তব্য রাখেনি। তা নিয়েও ক্ষোভ দেখা গিয়েছিল নির্বাচকদের মনে। আর এবার কমিশন সূত্রে খবর ৩২ লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে প্রথম তালিকায়।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ৩২ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে নাম বাদ পড়তে চলেছে ৪০ শতাংশ ভোটারের। অর্থাৎ, বাদ পড়তে চলেছে প্রায় ১৩ লক্ষ ভোটারের নাম। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে প্রায় ১০ লক্ষ নাম। তাহলে বাকি ৯ লক্ষের স্টেটাস কী? তাদের নাম কোন তালিকায় মিলবে? কী বলছে নির্বাচন কমিশন? আসলে এই ৯ লক্ষের নাম কেন, প্রথম তালিকায় কত নাম আছে সেটাও কিন্তু নির্বাচন কমিশন এখনও অফিসিয়ালি কোনও প্রেস রিলিজ দিয়ে কিছুই জানায়নি। ফলে, ওই ৯ লক্ষের ভবিষ্যত কি, তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে।
এর পাশাপাশি জানা গিয়েছে, এসআইআরে ইতিমধ্যেই ৭৬ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত ও খসড়া তালিক মিলিয়ে ইতিমধ্যেই বাদ গিয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে যদি চলা হয়, তাহলে আগামী তালিকাতেও বাদ পড়ওতে পারে প্রায় ৪০ শতাংশ নাম। আর এমন হলে এখনও প্রায় ১২ লক্ষ নাম বাদ পড়তে পারে বলেই খবর সূত্রের। উল্লেখ্য, আগামী শুক্রবার প্রকাশ হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা।