স্নানযাত্রায় দিঘার জগন্নাথ মন্দিরে কি কি আয়োজন জানুন

ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দিরে করা হয়েছে এলাহি আয়োজন। সকাল থেকেই বিভিন্ন আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। মূল মন্দিরের পাশের মণ্ডপে আয়োজিত হয়েছে স্নানযাত্রা।

এদিন সকালে পহন্ডি বিজয় অনুষ্ঠানের মাধ্যমে মূল মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্নানযাত্রার জন্য তৈরি মণ্ডপে নিয়ে আসা হয়। সেখানে ধর্মীয় রীতি মেনে তিন দারুমূর্তিকে বিশেষ জলে স্নান করানো হয়েছে। সকাল ১০:৩০ থেকে ১১:৩০ অবধি এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

স্নানযাত্রা সম্পন্ন হওয়ার পর জগন্নাথদেব ফের মূল মন্দিরে ফিরে যাবেন। দুপুর ১টা নাগাদ গজবেশ ধারণ করবেন। এরপর তাঁকে ৫৬ ভোগ নিবেদন করা হবে।
এদিকে প্রচলিত নিয়ম বলছে, স্নানযাত্রায় অনেক জলে স্নানের কারণে জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কয়েকদিন অবসর পালন করবেন। তাঁদের দর্শন বন্ধ থাকবে। রথযাত্রার আগে ফের দর্শন দেবেন তাঁরা।

প্রচলিত নিয়মের কারণে দিঘার জগন্নাথ মন্দিরেও আগামী কয়েকদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন বন্ধ থাকবে। আজ সন্ধ্যা থেকে আগামী ১৪ জুলাই অবধি তাঁদের দর্শন করা যাবে না। তবে মন্দির খোলা থাকবে। রাধা মদনমোহনের আরতি, পূজা, দর্শন ও অন্যান্য নিত্যসেবায় অংশ নিতে পারবেন ভক্তবৃন্দ।