৫লক্ষ্য টাকার ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন না? কি করবেন ? কোথায় জানাবেন আবেদন ?

ডেস্ক:রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা শুরু হওয়ার পর ইতিমধ্যেই বহু উপভোক্তা অনলাইন পোর্টাল থেকে নিজেদের আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করেছেন।

কিন্তু বাস্তবে অনেক সময় দেখা গিয়েছে, বৈধ আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও কোনও হাসপাতাল রোগী ভর্তি নিতে চায় না বা চিকিৎসা দিতে অস্বীকার করে।

জানা গিয়েছে, বৈধ আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও কোনও হাসপাতাল যদি চিকিৎসা দিতে অস্বীকার করে, তাহলে উপভোক্তা সরাসরি সরকারের কাছে অভিযোগ জানাতে পারেন।

অভিযোগ জানাবেন কীভাবে? স্বস্তির বিষয় হল এর জন্য কোনও সরকারি দপ্তরে ছুটোছুটি করার দরকার নেই। ঘরে বসে বা হাসপাতালেই বসেই অভিযোগ জানানো যাবে সোজা সরকারের কাছে।

অভিযোগের জন্য নির্দিষ্ট কিছু তথ্য রাখা জরুরি। যদি কোনও হাসপাতাল পরিষেবা না দেয় তবে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে লিখিত নিয়ে নেবেন। যাতে গোটা ঘটনার প্রমাণ থাকে।

যে চিকিৎসক বা হাসপাতাল কর্মী চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করেছেন, তাঁর নাম, ঘটনার তারিখ ও সময় লিখে রাখুন আপনার কাছে। চিকিৎসকের প্রেসক্রিপশন, মেডিক্যাল রিপোর্ট, হাসপাতালের স্লিপ এবং যদি কোনও টাকা দিয়ে থাকেন সেই বিল বা রশিদ নিজের কাছে রেখে দিন।

অভিযোগ জানাবেন কোথায়? আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা না পেলে সরকারি অভিযোগ পোর্টাল cgrms.pmjay.gov.in-এর মাধ্যমে অভিযোগ জানানো যাবে।

অভিযোগ জানানোর জন্য প্রথমে পোর্টালে গিয়ে ‘আপনার অভিযোগ রেজিস্টার করুন’ অপশনটি বেছে নিতে হবে। এরপর PMJAY অর্থাৎ আয়ুষ্মান যোজনা প্রকল্প নির্বাচন করুন।পরবর্তী ধাপে রোগীর নাম, ঠিকানা, ফোন নম্বর এবং আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর যে হাসপাতাল থেকে পরিষেবা পাননি সেই হাসপাতালের নাম ও বিবরণ দেবেন।

অভিযোগের জায়গায় ঘটনার বিস্তারিত সংক্ষেপে জানাতে হবে। সেখানে চিকিৎসা বা পরিষেবা দিতে অস্বীকার করা চিকিৎসক কিংবা হাসপাতাল কর্মীর নাম, ঘটনার তারিখ ও সময় দিতে পারেন। প্রয়োজনীয় কিছু নথি আপলোড করতে হবে। হাসপাতালের বিল বা রশিদ, হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত বক্তব্য আপলোড করে দিন।

সেই ফর্ম সাবমিট করে অভিযোগ জমা দিলেই একটি কমপ্লেন রেজিস্টার্ড নম্বর চলে আসবে আপনার কাছে। এর মাধ্যমে ভবিষ্যতে সরাসরি অভিযোগের স্ট্যাটাস জানতে পারবেন আপনি।

এর পাশাপাশি ১৪৫৫৫ হেল্পলাইন নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। ফোনে ঘটনার বিস্তারিত জানিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন আপনি।