
ডেস্ক:বর্ষা শেষের মুখে দাঁড়িয়েও আশার বাণী শোনাল আবহাওয়া দপ্তর। বুলেটিন অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিরও।
হঠাৎ এই ঝোড়ো ইনিংস এর পেছনে মূলত তিনটি কারণ রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশের দক্ষিণ পশ্চিমে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। আগামী ২৪ ঘন্টায় তা আরও উত্তর-পূর্ব এবং পূর্ব দিকে সরে যাবে। এই দুইয়ের প্রভাবেই বৃষ্টি বাড়বে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ ছাড়াও গুজরাটের দক্ষিণ ভাগ থেকে বাংলাদেশের উত্তর পর্যন্ত বিস্তৃত একটি মৌসুমী অক্ষরেখা। যা ছত্তিসগড়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়েই গিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, কলকাতা- সহ দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট বাড়বে। আজ কলকাতা-সহ দক্ষিণের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের অন্যান্য জেলাতেও কমবেশি একই পরিস্থিতি থাকবে সোমবার।তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
এ দিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিমি।