সপ্তাহান্তে অতি বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় “অর্ণব “

ডেস্ক: থাইল্যান্ডের দিক থেকে উত্তর আন্দামান সাগরের দিকে এগিয়ে আসছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই ফের বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার সন্ধ্যার মধ্যেই এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সপ্তাহান্তে বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পরবর্তীতে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। তবে IMD বিষয়ে এখনও কোনও সতর্কতা জারি করেনি। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম দেওয়া হবে অর্ণব।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা নয়, বিক্ষিপ্ত ভাবে দিনভর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর।

শনিবার কলকাতা, হাওড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।

অন্যদিকে,উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।