কলকাতা সহ ১৫ জেলায় ভারী বৃষ্টির দাপট, জেলায় জেলায় সতর্কতা জারি

ডেস্ক: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বুধবার মাঝ রাত থেকেই কলকাতায় প্রবল বৃষ্টির দাপট শুরু। আজ, বৃহস্পতিবারেও দিনভর ভোগান্তির আশঙ্কা। জলমগ্ন হতে পারে বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।

পাশাপাশি আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি। সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।