
ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। শনিবার থেকে আবার আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।
বাঁকুড়া ও ঝাড়গ্রামে রয়েছে ‘হলুদ সতর্কতা’। আজ, শুক্রবার, দিনভর শহরের আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু’-একটি জায়গায় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।