আধারের otp আসছেনা? রইলো এই সমস্যার সমাধান

ডেস্ক: ওটিপি বর্তমান প্রযুক্তির একটি অপরিহার্য অঙ্গ। ইন্টারনেট ব্যাঙ্কিং হোক বা কার্ড পেমেন্ট, আধার ভেরিফিকেশন হোক বা অন্য কোনও পরিষেবা, সব কিছুতেই বাধ্যতামূলক এই ওটিপি।

আধার ব্যবহৃত হয় এমন অনলাইন পরিষেবার ক্ষেত্রে ওটিপি ভেরিফিকেশন আবশ্যিক। আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে ওটিপি আসে।
কিন্তু অনেক সময় দুর্বল নেটওয়ার্ক বা অন্যান্য প্রযুক্তিগত কারণে ওটিপি পৌঁছতে দেরি হয়। এর ফলে জরুরি কাজ থমকে যায় অনেক সময়।

এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে আধার কর্তৃপক্ষ। নতুন আধার অ্যাপে একটি বিশেষ ওটিপি ব্যবস্থা আনা হয়েছে যা কোনও ইন্টারনেট বা নেটওয়ার্ক ছাড়াই কাজ করবে।

এই ব্যবস্থার নাম টাইম-বেসড ওয়ান টাইম পাসওয়ার্ড। এমন একটি কোড যা আধার অ্যাপ ব্যবহার করে তৈরি করা যায়। ব্যবহারকারীরা কোনও এসএমএস-এর জন্য অপেক্ষা না করেই একটি কোড তৈরি করতে পারেন।

টিওটিপি আধার অ্যাপে আট সংখ্যাবিশিষ্ট একটি কোড, যা প্রতি ৩০ সেকেন্ড পরপর পরিবর্তিত হয়। সাধারণ ওটিপির মতো এক্ষেত্রে এই কোড পাওয়ার জন্য কোনও এসএমএসের অপেক্ষা করতে হয় না। ফোনের সময়ের ওপর ভিত্তি করেই সিস্টেম এই কোড তৈরি করে। মোবাইলের তারিখ ও সময়ের সেটিংস সঠিক থাকা অত্যন্ত জরুরি। ফোনের সময় ভুল থাকলে কোড যাচাইয়ের সময় সমস্যা হতে পারে।

আধার-সংক্রান্ত কোনও পরিষেবার ক্ষেত্রে যখন এসএমএস-এর মাধ্যমে ওটিপি পাওয়া যায় না, তখন এই বিশেষ ব্যবস্থাটি অনেক কাজে আসে। ব্যবহারকারীরা আধার অ্যাপটি খুলে একটি নতুন কোড তৈরি করতে পারেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সেটি ব্যবহার করতে পারেন।

↑