
ডেস্ক: বিধানসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের মত রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য একটি নতুন প্রকল্প চালু করবে এবং বেকারদের পাশে দাঁড়াবে তাঁদের সরকার। সরকার গঠনের পর একের পর এক প্রকল্প চালু করে রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে নতুন প্রকল্প চালু করলেন তিনি। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে নামও ঘোষণা করে দিলেন তিনি। পাশাপাশি, কবে থেকে মিলবে এই বেকার ভাতার টাকা, তাও জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল ২০২৬ সালের বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে। ভরসা স্কিমের আওতায় গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট শিক্ষিত বেকারদের মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকারদের মাসে ২,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছিল। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকের ভাতার পরিমাণও আলাদা।
শুধু ভোটের আগে নয়, রাজ্যে পালবদলের পরও শিক্ষিত বেকারদের জন্য প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই ঘোষণায় সীলমোহর দিলেন তিনি। বৃহস্পতিবার ভরসা স্কিম চালু করার কথা ঘোষণা করে দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ” আমার যুবক ভাইরা, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট, আপনাদের স্কিমের নাম দিচ্ছি আমরা ‘ভরসা স্কিম’। আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠকে এই ভরসা স্কিম নিয়ে অনুমোদন দেব। এবং জানুয়ারি মাস থেকে, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েটরা এই স্কিমে আমার যারা বেকার যুবক-যুবতীরা আছে, অন্য কোনও স্কিমে সুযোগ পাচ্ছেন না, তাদের পাশে এই সরকার দাঁড়াবে। তারা যতক্ষণ চাকরি পাবেন না, তাদের পাশে এই সরকার থাকবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল আমলে বেকারদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিল। বহু বেকার যুবক-যুবতীরা যুবসাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা পেয়েছেন। কিন্তু পালাবদলের পরই মানুষের মনে একটি প্রশ্ন বার বার দান বাঁধে। নতুন সরকারের আমলে কী আর কেউ পাবেনা এই প্রকল্পের টাকা? কিন্তু সরকার গঠনের পর প্রথম বাজেটেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের বেকারদের পাশে থাকবে তাঁদের সরকার। চালু হবে স্কিম। কত টাকা করে দেওয়া হবে সে কথাও জানান সেই সময়। তবে কবে থেকে চালু হবে তার কোনও তারিখ ঘোষণা হয়নি সেই সময়।