তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ ,স্বস্তির খবর জানালো আবহাওয়াদপ্তর

ডেস্ক: তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। তবে স্বস্তির খবর, কাল থেকেই বদলাতে চলেছে আবহাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গে বরং বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা। দক্ষিণ বিহার এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর-দক্ষিণ অক্ষরেখা।
বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কয়েকটি এলাকায় জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে।
সমুদ্র উপকূলেও বাড়ছে দুর্যোগের আশঙ্কা। ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

