ভোটমুখী বাংলায় মেগা চমক মমতার !

ডেস্ক:  ২০২১-এর বিধানসভা ভোটে লক্ষ্মীর  ভাণ্ডার প্রকল্প ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে। মহিলাদের ঢালাও সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে রাজ্যের শাসকদল। এবারও সেই অস্ত্রতেই শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দ। বর্তমানে ‘জেনারেল কাস্টে’র মহিলারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে প্রতিমাসে ১ হাজার টাকা পান। SC-ST-র মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে পান। এবার এক লাফে বেড়ে গেল অনেকটা টাকা।

লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা । অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি-রা মাসে পাবেন ১৭০০ টাকা করে। এছাড়াও রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত।

কখনও শুভেন্দু অধিকারী, কখনও সুকান্ত মজুমদার। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে নানা সময় নানা প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবার বাজেট পেশের আগে শুভেন্দু পূর্বাভাস করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার এবারও বাড়তে পারে। তবে তা দেবে নতুন সরকারই। শুভেন্দু দাবি করেন, অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোর ঘোষণা করা হলেও, তা পূরণ করতে হবে নতুন সরকারকে,শুভেন্দুর কথায় বিজেপি সরকারকে। সেই অনুসারে ঘোষণাও হল। তবে এর ডিভিডেন্ড এবার তৃণমূল কতটা পায় , সেটাই দেখার ।

এছাড়াও রাজ্য বাজেটে আর যা যা ঘোষণা করা হল –
বেকার ভাতা : এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা, সিদ্ধান্ত রাজ্যের। পাবেন কারা ? মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪১ বছর বয়সীরা পাবেন এই বেকার ভাতা।
লক্ষ্মীর ভাণ্ডার : লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা করে। ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা । ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি মহিলারা মাসে পাবেন ১৭০০ টাকা করে ।
বাড়ছে DA-ও : রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের আরও ৪% ডিএ দেওয়ার সিদ্ধান্ত
১ এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের।
সপ্তম বেতন কমিশন : এছাড়া সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আশাকর্মী, প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত।
সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি : ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃৃদ্ধির সিদ্ধান্ত
আশাকর্মীদের ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কর্মরত অবস্থায় মৃত্যুতে আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হল।
অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।