
ডেস্ক: ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু অনেক অ্যাকাউন্টে এখনও ডিবিটি বা আধার লিংক করা নেই। লিংক না থাকলে প্রকল্পের টাকা আটকে যেতে পারে। কী করবেন তাহলে?
ক্ষমতায় আসার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই প্রকল্পের পালটা অন্নপূর্ণা ভান্ডার চালু করার কথা বলেছিল বিজেপি। সেই কথা মতই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে কেন্দ্রের সব প্রকল্পই চালু হবে রাজ্যে। ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা।
বিজেপি সরকার জানিয়েছিল, যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁরা পাবেন। অন্নপূর্ণা ভান্ডার এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও টাকা পেতে গেলে লাগবে ডিবিটি লিংক। একমাত্র ডিবিটি লিংক থাকলেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু আদতে দেখা গিয়েছে, বিপুল পরিমাণ অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা নেই। অনেকেই আশঙ্কা করছেন, সময়মতো লিঙ্ক না করালে আটকে যেতে পারে প্রকল্পের টাকা।
এখন প্রশ্ন, কী এই ডিবিটি লিংক? ডিবিটি লিংকের ফুল ফর্ম হল- ‘ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার’ (Direct Benefit Transfer)। এর মাধ্যমে ভারত সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।উপভোক্তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকত। ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করাতে হবে।
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা অত্যন্ত জরুরি। মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বরের লিংক থাকার পরই ডিবিটি লিংক করা যাবে।
অনলাইনে সমস্যা হলে আপনি সরাসরি আপনার ব্যাংক শাখায় গিয়েও এই কাজ করতে পারেন। আপনার ব্যাংকের শাখায় গিয়ে আধিকারিকের কাছ থেকে আধার সিডিং বা কনসেন্ট ফর্ম Consent Form চেয়ে নিন। ফর্মটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে আধার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুকের জেরক্স কপি জমা দিন। ব্যাংক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র সঙ্গে যুক্ত করে দেবে।