
ডেস্ক : দেশজুড়ে রেশন তোলার নিয়মে বড়সড় বদল আসছে। এমনকী বাংলাতেও কেন্দ্রের নিয়মেই রেশন বন্টন করা হবে। দুর্নীতি রুখতে এবং রেশন বন্টনে স্বচ্ছতা আনতেই একগুচ্ছ নিয়মের বদল করা হচ্ছে।জানা গিয়েছে, আয়ের উৎস, নথিপত্র যাচাইয়ের পর স্বচ্ছল পরিবারের সদস্যদের আর রেশন দেওয়া হবে না। এই তালিকায় কারা থাকবেন?
যাঁদের পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষের বেশি, পরিবারের কোনও একজন সদস্য সরকারি কর্মী হলে, সরকারি পেনশনভোগীদের পরিবারের সদস্যরাও আর রেশন পাবেন না।পাশাপাশি যাঁরা জিএসটির অধীনে রয়েছেন, যাঁরা ইনকাম ট্যাক্স দেন, তাঁদের আর রেশন দেওয়া হবে না। শহরে ও গ্রামে বসবাসকারীদের জন্যেও কিছু শর্ত আরোপ করা হয়েছে।
তিন থেকে চারটি পাকা ঘরের বাড়ি, চার চাকা গাড়ি, ইন্টারনেট সংযোগ যুক্ত কম্পিউটার, ল্যাপটপ, মোটরচালিত দুই চাকার গাড়ি, নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন, ৫০ হাজার টাকার বেশি কিষান ক্রেডিট কার্ড থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে।
সিএএ-তে আবেদনকারীরা আপাতত রেশন পাবেন। এসআইআর তালিকায় নাম বাদ গেলেও, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন। এই দুই ক্ষেত্রেই সিদ্ধান্ত বদল করেছে সরকার।
পাশাপাশি রেশন তোলার ক্ষেত্রে চোখের মণি স্ক্যান করাও আর বাধ্যতামূলক নয়। রাজ্যের খাদ্যসচিব জানিয়েছেন, আঙুলের ছাপ সংগ্রহ করেই আধার কার্ড যাচাই করা হবে। আঙুলের ছাপকেই অগ্রাধিকার দেওয়া হবে।