২ দফায় ভোট কিন্তু এখনও ৬০ লক্ষ ভোটার বিবেচনাধীন!

ডেস্ক: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল— মাত্র দুই দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে। কিন্তু নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও রাজনৈতিক মহলে এবং আমজনতার মনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ভোটারদের ভবিষ্যৎ। প্রায় ৬০ লক্ষ মানুষের নাম এই তালিকায় থাকায় ভোটের আগে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোটার তালিকা নিয়ে চিন্তার কারণ নেই। বর্তমানে কলকাতা হাইকোর্টের তদারকিতে ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার এই নামগুলি খতিয়ে দেখছেন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার বিবেচনাধীন ছিলেন। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৫ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

কমিশনের স্পষ্ট বার্তা, “ভোটের আগের দিনও যদি নিষ্পত্তি হয়, তবে তাঁরা ভোট দিতে পারবেন।” চলতি সপ্তাহেই প্রথম ‘সাপ্লিমেন্টারি’ ভোটার লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী চূড়ান্ত তালিকা আপডেট হতে থাকবে।

ভোটার তালিকা ইস্যু নিয়ে শনিবার কলকাতায় এসে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, যখনই কমিশন ভোটার তালিকা শুদ্ধিকরণের চেষ্টা করে, তৃণমূল বাধা দেয়।

ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক দলগুলির অন্দরে তৎপরতা তুঙ্গে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, যা যে কোনও মুহূর্তে ঘোষণা হতে পারে। পিছিয়ে নেই বিজেপিও, তারাও প্রথম দফার প্রার্থী তালিকা দ্রুত প্রকাশ করতে চলেছে। অন্যদিকে বাম-আইএসএফ জোটের আসন সমঝোতাও অন্তিম পর্যায়ে।

২০০৬ সালের পর এই প্রথম এত কম দফায় ভোট হচ্ছে বাংলায়, যা প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে এক বড় চ্যালেঞ্জ। এখন দেখার, বাকি ৪৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নাম সময়মতো তালিকায় যুক্ত হয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *