বিধানসভা নির্বাচনে পানিহাটিতে বিজেপি প্রার্থী হচ্ছেন অভয়ার মা!

ডেস্ক :আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটিতে প্রার্থী হচ্ছেন অভয়ার মা। বিজেপি-র টিকিটে সেখানে ভোটে লড়তে চলেছেন বলে জানিয়েছেন নিজেই। আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণের শিকার হওয়া, খুন হওয়া মেয়ের বিচারের জন্য ক্ষমতা হাতে পাওয়া জরুরি বলে মনে করছেন তাঁরা। নির্যাতিতার বাবা সরাসরি বামেদেরকেই কাঠগড়ায় তুলেছেন। জানিয়েছেন, বামেদের জন্যই ক্ষমতায় টিকে রয়েছে তৃণমূল। তাঁদের বিচার পাইয়ে দিতে নয়, নিজেদের স্বার্থরক্ষার্থেই অনেকে আন্দোলনে শামিল হয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি।

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে তিনি নিজেই বিজেপি-কে ফোন করেন বলে জানিয়েছেন অভয়ার মা। বর্তমান পরিস্থিতিতে এটাই সঠিক মনে হয়েছে বলে জানিয়েছেন অভয়ার বাবাও। তাঁর বক্তব্য, “যারা আন্দোলন করেছে, তারা কেউ আমার মেয়ের বিচারের স্বার্থে আন্দোলন করেনি। নিজেদের স্বার্থে করেছে। বিচার ব্যবস্থা…আমরা যে কী অবস্থায় আছি, কতটা এগিয়েছি, কতটা পিছিয়েছি, এটা কেউ জানে না। যারা আন্দোলনে যুক্ত ছিল, তারা কেউ জানে না। প্রথম থেকেই উদ্দেশ্য খারাপ ছিল ওদের। আমার মেয়ের মৃত্যুকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে।”

অভয়ার বাবা আরও বলেন, “৯ অগাস্ট ২০২৪ সালের সন্ধে সাড়ে সাতটায় যে পোস্ট করা হয়েছিল, সেটাকেই ঘুরিয়ে গতকাল পোস্ট করে প্রচার চলছে। মা-বাবা হিসেবে মেয়ের ওই ছবি দেখলে কী দুঃখ, যন্ত্রণা হয়, তা কখনও জানার চেষ্টা করেনি। আজ পর্যন্ত নয়। সেই আন্দোলন করে কী লাভ। এই তৃণমূল সরকারকে যদি পশ্চিমবঙ্গে রেখে দেয় ভোট কাটাকাটির অঙ্কে…৩৪ বছরের বামপন্থীরা চলে গিয়েছে। কিন্তু তৃণমূলকে ক্ষমতায় রাখায় বামপন্থীদের বিরাট ভূমিকা আছে। আমাদের এখানে যিনি লোকসভায় জিতেছেন, বামেরা ভোট কেটেছিল বলেই জিতেছেন। বরানগরে সজল ঘোষ যে হেরেছেন, তাও বামেদের ভোট কাটাকাটির অঙ্কে। তন্ময় ভট্টাচার্য নিজে একটি সাক্ষাৎকারে বলেছেন। এই অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বুঝবেন না, মানবেন না। জানি না কী স্বার্থ আছে।”

অভয়ার মা সরাসরি সিপিএম-কে আক্রমণ করেন। বলেন, “আমাদের বিচার পাওয়ার লড়াইটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। তাই মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার। না হলে বিচার পাওয়া আরও কঠিন হবে। সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে নিজেদের পায়ের নীচের জমি শক্ত করছে, ভোট কাটাকাটি করে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আসা দরকার। আমি নিজেই ফোন করে কাল বলেছি যে প্রার্থী হতে চাই।”

এমনিতে আগেও সমালোচনা, আক্রমণের মুখে পড়তে হয়েছে অভয়ার পরিবারকে। ভোটের ময়দানে তো আরও আক্রমণের মুখে পড়তে হতে পারে? অভয়ার বাবা বলেন, “অনেক কথা আগেও শুনেছি আমরা। টাকা নেন, ভোটে দাঁড়ান…ওসব নিয়ে মাথা ঘামাই না। ওই টুকু ট্যাকল করার ক্ষমতা আছে আমাদের।” অভয়ার মা-বাবা জানিয়েছেন, নারী সুরক্ষা, দুর্নীতি, প্রশাসনিক অরাজকতা এবং তৃণমূল সরকারকে উৎখাতের উপরই প্রচারে জোর দেবেন তাঁরা। দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি, তাতে অভয়ার মায়ের নাম থাকতে পারে বলে জানা যাচ্ছে। যদি পানিহাটিতেই প্রার্থী করা হয় তাঁকে, সেক্ষেত্রে সেখানে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের নির্মল ঘোষের ছেলে, সিপিএম-এর প্রার্থী কলতান দাশগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *