প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা, সংকল্প বিজেপির

ডেস্ক: ২০২৬-এ বিধানসভা নির্বাচনে বিজেপি ‘সংকল্প পত্র’ প্রকাশের আগে খবরে সেই ইঙ্গিতও ছিল। ‘বিজেপি সরকার প্রতি মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে ৩ হাজার টাকা সব মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।’ এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব অগ্নিমিত্রা পাল, তাপস রায়, শান্তনু ঠাকুরদের উপস্থিতিতে বিজেপির ইস্তেহার ‘ভরসার শপথ’ প্রকাশ করেন শাহ।
গত বিধানসভা ভোটে লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলকে বড় সাফল্য দিয়েছিল। মহিলাদের ঢালাও সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতা ধরে রেখেছিল রাজ্যের শাসক দল। এবারও সেই লক্ষ্মীর ভাণ্ডারের কথা বিভিন্ন সমাবেশে তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দের পরিমাণও। এই স্কিমে একলাফে অনেকটা টাকা বেড়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বেড়েছে ৫০০ টাকা ।
এই পরিস্থিতিতে রাজনৈতিক ওয়াকিবহাল মহল দাবি করছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিজেপির চাপ বাড়াতে পারে এবারও। সেকথা বিলক্ষণ আঁচ করতে পেরেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই আবহে এবার মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে বিজেপি দেবে বলে আশ্বাস দিলেন অমিত শাহ। উভয় দলের এই ঘোষণার পর এখন দেখার, কারা মহিলা ভোট বেশি টানতে পারে। ৪ মে এই চিত্র স্পষ্ট হবে। এদিকে, মহিলা অ্যাকাউন্টে টাকা দেওয়ার পাশাপাশি রাজ্যে যুবক-যুবতীদের জন্যও এদিন ঘোষণা করেন শাহ। ‘বেকার যুবকদের মাসে ৩০০০ টাকা অনুদান দেওয়া হবে’ বলে ঘোষণা করেন তিনি।

