২৮-৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট

ডেস্ক:দেশজুড়ে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালু করা এবং পেনশন সংক্রান্ত একাধিক দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে।

ফলে ওই সময় ব্যাঙ্কের শাখাভিত্তিক পরিষেবায় প্রভাব পড়তে পারে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শনিবার ও রবিবারের ছুটি থাকায় টানা কয়েকদিন শাখা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ধর্মঘটের প্রভাব কমাতে সরকারি ও গ্রামীণ ক্ষেত্রের ব্যাঙ্ক কর্মীদের জন্য ২৭ সেপ্টেম্বর, রবিবারকে কর্মদিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। তবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের প্রস্তাবিত ধর্মঘট ঘিরে গ্রাহকদের মধ্যে পরিষেবা নিয়ে উদ্বেগ রয়েছে।

ডিজিটাল ওয়ালেট পরিষেবাও স্বাভাবিকভাবে কাজ করার কথা। তবে কোনও ব্যাঙ্কের সার্ভিস নির্দিষ্ট রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ থাকলে আলাদা বিষয়। সেক্ষেত্রে সাধারণত গ্রাহকদের আগে থেকে জানানো হয়।

ATM সাধারণভাবে চালু থাকার কথা। ফলে প্রয়োজন হলে গ্রাহক ATM থেকে নগদ তুলতে পারবেন। তবে ATM-এ নগদের জোগান এবং যন্ত্রের রক্ষণাবেক্ষণের উপর পরিষেবা নির্ভর করবে। কোনও নির্দিষ্ট ATM-এ টাকা না থাকলে বা প্রযুক্তিগত কারণে সেটি বন্ধ থাকলে সমস্যা হতে পারে।

যে সমস্ত কাজের জন্য সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে কর্মীদের সাহায্য নিতে হয়, সেগুলিতে বিলম্বের সম্ভাবনা রয়েছে। চেক সংক্রান্ত কাজ, ডিমান্ড ড্রাফট তৈরি, নগদ জমা, নথি জমা, কেওয়াইসি সংক্রান্ত কাজ এবং লকার ব্যবহারের মতো পরিষেবা ধর্মঘটের কারণে প্রভাবিত হতে পারে।

তাই আগামী দিনে শাখায় গিয়ে কোনও গুরুত্বপূর্ণ কাজ করার প্রয়োজন থাকলে ধর্মঘটের আগেই তা সেরে নেওয়া নিরাপদ। বিশেষ করে যাঁদের চেক জমা বা নথি সংক্রান্ত কাজ রয়েছে, তাঁদের আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া উচিত।

ধর্মঘটের আগে প্রয়োজনীয় শাখাভিত্তিক কাজগুলি সেরে রাখা ভালো। যাঁরা নগদের উপর বেশি নির্ভর করেন, তাঁরা জরুরি খরচের জন্য পর্যাপ্ত নগদ হাতে রাখতে পারেন। একইসঙ্গে ইএমআই, এসআইপি এবং অন্যান্য স্বয়ংক্রিয় পেমেন্টের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রয়েছে কি না, তা নিশ্চিত করা উচিত।

উল্লেখ্য, UFBU-এর ডাকে এর আগেও ১১ সেপ্টেম্বর দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট হয়েছিল। তারা দেশের প্রায় ৯০ শতাংশ ব্যাঙ্ক কর্মীর প্রতিনিধিত্ব করে। বিভিন্ন শহরে সেই সময় বিক্ষোভ ও কর্মসূচিও হয়েছিল। ফলে সেবারেও খানিক সমস্যায় পড়েছিল পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *