ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগ। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি !

ডেস্ক: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। নারসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২১ নভেম্বর সকাল পর্যন্ত।

এদিকে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সতর্কতায় পুরীতে সমুদ্রসৈকত, মন্দির এবং পর্যটনস্থলে প্রবেশের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *