আয়ুষ্মান কার্ড এ আরো বেশি চিকিৎসার সুবিধা !

ডেস্ক: সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালু হয়েছে। এর মাধ্যমে প্রত্যেকটি উপভোক্তা পরিবার বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা পান। এবার এই প্রকল্পেই মিলতে পারে আরও বেশি চিকিৎসা ও অস্ত্রোপচারের সুবিধা। জুড়তে পারে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ।

আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা আরও বেশি করে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। এর ফলে এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উপভোক্তারা আরও বেশি চিকিৎসা ও অস্ত্রোপচারের সুবিধা পেতে পারেন।

সরকার আয়ুষ্মান ভারত যোজনার অধীন জনস্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য সংরক্ষিত প্যাকেজ ২৩টি থেকে বাড়িয়ে ১১২টি করার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ নতুন করে আরও ৮৯টি স্বাস্থ্য প্যাকেজ যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। নতুন প্যাকেজগুলিতে উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা, ডায়েরিয়া, ব্রঙ্কাইটিস, ডায়েবেটিস সহ বেশ কিছু রোগের চিকিৎসা অন্তর্ভুক্ত থাকবে।

পাশাপাশি সরকারের এই প্রস্তাবে চক্ষু পরীক্ষা ও একাধিক রোগের অস্ত্রোপচার অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন প্যাকেজে উপভোক্তাদের চোখের স্বাস্থ্য পরীক্ষার জন্য গ্লুকোমা শনাক্তকরণ ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গেই এর মধ্যে অর্শ, হিস্টেরেকটমি অস্ত্রোপচার, সিস্টের চিকিৎসা সহ আরও বেশ কিছু চিকিৎসা রয়েছে।

আয়ুষ্মান ভারত যোজনার উপভোক্তারা যাতে সরকারি হাসপাতালেই নানা চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে পারেন, সেই জন্য ন্যাশনাল হেলথ অথরিটি আরও ৮৯টি স্বাস্থ্য প্যাকেজ যুক্ত করার পরিকল্পনা করছে। সব ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি হাসপাতালগুলিতে ১১২টি স্বাস্থ্য প্যাকেজের সুবিধা পাওয়া যেতে পারে।

ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে নতুন ৮৯টি স্বাস্থ্য প্যাকেজ সংক্রান্ত বিষয়ে রাজ্যগুলির মতামত জানতে চাওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে রাজ্য গুলিকে তাঁদের বক্তব্য জানাতে হবে। তার উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *