বেসরকারি স্কুলে পাঁচ শতাংশের বেশি ফী বৃদ্ধি হবেনা ,জানালে মুখ্যমন্ত্রী

ডেস্ক: বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি ও অন্যান্য বিষয় নিয়ে নিউটাউন কনভেনশন সেন্টারে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। প্রথম সারির বেসরকারি স্কুলের প্রায় ৩৬০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রীর মতে, সবার বিরুদ্ধে অভিযোগ না থাকলেও কিছু স্কুল ফি ৯%, ১২% বা ১৫% বাড়িয়েছে। আবার অনেক স্কুল ফি বাড়ায়নি। কলকাতার কয়েকটি পরিচিত স্কুল বছরে ৯% ফি বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার তাতে রাজি হয়নি। মুখ্যমন্ত্রী জানান, যেসব স্কুল বাড়তি ফি নিয়ে ফেলেছেন তাদের এখন তো কিছু করার নেই। তবে সামঞ্জস্য করতে হবে। ৫%-এর বেশি ফি বাড়ানো যাবে না। তিন-চারটি বিভাগ মিলে একটা কমিটি গঠন করা হবে। সবাই মিলে সিদ্ধান্ত জানাবেন।

মুখ্যমন্ত্রী জানান, দেশের সাত-আটটি রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন রয়েছে এবং বিহারে বার্ষিক সর্বোচ্চ ৭% ফি বৃদ্ধির নিয়ম থাকলেও পশ্চিমবঙ্গের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেটিও মানদণ্ড হওয়া উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, আইন আনার প্রয়োজন পড়বে না। পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।

পয়লা ডিসেম্বর থেকে দু’টো পোর্টাল স্কুল শিক্ষা দপ্তর লঞ্চ করবে। একটা বেসরকারি স্কুল গুলির জন্য, অন্যটি অভিভাবকদের জন্য।

সাধারণ মানুষের আয়ের কথা উল্লেখ করে অভিভাবকদের স্বার্থরক্ষার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্কুলের গেটের সামনে যানজট ও ট্রাফিক সংক্রান্ত বিষয়ে একাধিক দপ্তরের সমন্বয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির প্রস্তাব মুখ্যসচিবের কাছে পাঠানোর কথাও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *