১ জুন থেকে শুরু হচ্ছে ‘জনতার দরবার’

ডেস্ক: জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে এই কর্মসূচিকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার তিনি সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন। মানুষের অভাব-অভিযোগ শুনে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সপ্তাহে অন্তত ১ থেকে ২ দিন ‘জনতার দরবার’-এ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে নিজেদের সমস্যা, অভিযোগ বা আবেদন জানাতে পারবেন। সেই অভিযোগ শুনে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর হতে পারে।

শুধু নিজে জনগণের অভাব-অভিযোগ শুনবেন, তাই নয়। সূত্রের খবর, এদিন বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকেও, শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, এরকম ঘটনা যেন না হয়, মানুষ বলছে, অথচ আপনারা গুরুত্ব দিচ্ছেন না। মানুষের উন্নয়ন করার জন্য দল দেখার দরকার নেই। আপনি বিধায়ক, আপনার দায়িত্ব হচ্ছে সব মানুষের জন্য কাজ করা। সপ্তাহে অন্তত ২ দিন এলাকার মানুষজন যাতে আপনার সঙ্গে দেখা করতে পারে, তা নিশ্চিত করতে হবে। যে সমস্যার সমাধান করতে পারবেন, তা করবেন। আর যা সম্ভব নয়, সেটাও মানুষকে জানাবেন।

বর্তমানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের ‘জনতা দরবার’ মডেল সফলভাবে চালু রয়েছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য এই মডেল কার্যকর বলেই দাবি করা হয়। এবার পশ্চিমবঙ্গেও সেই একই মডেল কার্যকর করতে চলেছে নতুন সরকার।

১ জুন থেকে সমস্ত পরিকাঠামো সম্পূর্ণ হলে রাজ্যবাসী সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যা জানাতে পারবেন। রাজনৈতিক মহলের মতে, এই উদ্যোগ সাধারণ মানুষের প্রশাসনিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে।