
ডেস্ক : স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। সেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আজ অর্থাৎ শনিবার শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী । কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই চরম উত্তেজনা তৈরি হয়েছে।
আজ শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধু বিজেপির শীর্ষ নেতৃত্বই নয়, দেশের একাধিক মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, শিল্পপতি থেকে শুরু করে শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। ফলে রাজনৈতিক দিক থেকে যেমন এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ, তেমনই বাংলার নতুন ক্ষমতার সমীকরণের বড় বার্তাও দিচ্ছে এই আয়োজন।
শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ, শনিবার সকাল ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে এই অনুষ্ঠানকে বড় আকারে আয়োজন করা হয়েছে। স্বাধীনতার পর প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠন করায়, এই অনুষ্ঠানকে ঐতিহাসিক বলেই তুলে ধরছে গেরুয়া শিবির।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের প্রায় ২০ জন মুখ্যমন্ত্রীও কলকাতায় আসছেন।
এই তালিকায় রয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। এছাড়াও মণিপুরের মুখ্যমন্ত্রী খেম চন্দ সিং ও উপমুখ্যমন্ত্রী নেমচা কিপজেনও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। শুধু মুখ্যমন্ত্রীই নন, বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতারাও কলকাতায় পৌঁছেছেন। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও এদিনের অনুষ্ঠানে দেখা যাবে বলে জানা গিয়েছে।