অগাস্ট এ অন্নপূর্ণার টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন ? জানালেন নিজে মন্ত্রী

ডেস্ক: গতকাল, বুধবার নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, ‘অন্নপূর্ণা যোজনা’র উপভোক্তাদের আবেদন ভেরিফিকেশনের কাজ চলছে। আর কিছুদিনের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
১৫ আগস্ট, শনিবার, সেদিনও ‘অন্নপূর্ণা’র ৩০০০ টাকা পেতে পারেন। পরদিন রবিবার, ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ আগস্ট, সোমবারের মধ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকে যাওয়ার কথা।
গত ৩ জুন ‘অন্নপূর্ণা যোজনা’র প্রথম কিস্তির টাকা ঢুকেছিল কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে। জুলাইয়ের শুরুতেই এক কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল ৩০০০ টাকা।কিন্তু আগস্টের ৫ তারিখেও অধিকাংশের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা ঢোকেনি। যা ঘিরে দুশ্চিন্তায় রয়েছেন কয়েক লক্ষ মহিলা।
আগস্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন? মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, আবেদনকারীদের নথিপত্র ভেরিভিকেশনের কাজ চলছে। ভেরিফিকেশন শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি-র মাধ্যমে টাকা পাঠানো হবে।
মন্ত্রী আরও জানিয়েছেন, যাঁদের ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদন বাতিল হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে। কী কারণে তাঁরা ‘অন্নপূর্ণা’র ৩ হাজার টাকা পাননি, তা দেখা হবে। প্রকৃত উপভোক্তাদের কাউকে বঞ্চিত হতে দেবে না রাজ্য সরকার।
মন্ত্রীর আরও দাবি, “এত বড় একটা কাজ। আমরা অনেক অল্প সময়ে এত মানুষকে পরিষেবা দিয়েছি। পূর্বতন সরকারের আমলে যে উপভোক্তা যোগ্য তাঁরা অনেকেই পেতেন না। এর বদলে অনেক পুরুষরাও এই টাকা পেতেন।”
মালতী রাভা রায় জানিয়েছেন, আগেরবারের মতো যাতে এই ভুল আর না হয়, তাই সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। এর জন্যেই আগস্ট আবেদনকারীদের কাছে টাকা পাঠাতে দেরি হচ্ছে।

