আজও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক: আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। তবে আজ দুপুরেই কলকাতায় হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ।
আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলিতে বিশেষ সতর্কতা- কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কয়েকটি জায়গায়।
উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

