SIR এ নাম বাদ গেছে? ট্রাইবুনাল স্বীকৃতি দিলেই কি ভোট দেওয়া যাবে?

ডেস্ক: SIR-এ যাদের নাম বাদ পড়েছে, ট্রাইবুনাল তাঁদের বৈধ বলে স্বীকৃতি দিলে তাঁরা কি এবার ভোটের লাইনে দাঁড়াতে পারবেন? জানা যাবে সোমবার।
ট্রাইবুনালে পাস করলেও কি এবার ভোট দিতে পারবেন? বৈধ বলে প্রমাণিত হলেও, ভোটের আগে কি তালিকায় নাম উঠবে? এসবের উত্তর পেতে, সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষ। সর্বোচ্চ আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে এই ভোটারদের ভবিষ্যৎ।
বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিন্হা বলেন, যারা ভুয়ো ভোটার, তাদের কোনওভাবেই ভোট দেওয়ার অধিকার নেই এবং যাদের নাম বাদ গেছে, তারা যদি প্রমাণ করতে পারে যে, তারা সঠিক ভোটার, তাদের নাম আসা উচিত।’SIR’-এ পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এখনও পর্যন্ত ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ গেছে। যাদের নাম বাদ পড়েছে, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু প্রথম দফার ভোটার তালিকা সোমবার এবং দ্বিতীয় দফায় ভোটার তালিকা বৃহস্পতিবার ফ্রিজ হয়ে গেছে। ফলে ট্রাইবুনালে আবেদন করে নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে পারলেও, এবারের বিধানসভা ভোট কি দিতে পারবেন তাঁরা? সেনিয়ে প্রশ্ন রয়েছে।
বিচারাধীন থাকা ৬০ লক্ষের বেশি ভোটারের মধ্যে, অবৈধ বলে চিহ্নিত হয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। ভোটার তালিকায় নাম তুলতে জেলায় জেলায় কাঁড়ি কাঁড়ি আবেদনপত্র জমা পড়ছে। জোকার শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের এই ভবনে সেসবের নিষ্পত্তি করতে তৈরি হয়েছে ট্রাইবুনাল হেডকোয়ার্টার। রবিবার পরিকাঠামো খতিয়ে দেখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সঙ্গে ছিলেন জুডিশিয়াল অফিসার ও নির্বাচন কমিশনের আধিকারিকরাও।
জেলায় জেলায় যে সব আবেদনপত্র জমা পড়েছে সেগুলি-সহ অনলাইনের আবেদনপত্র, সব এসে পৌঁছবে জোকার এই ট্রাইবুনাল হেডকোয়ার্টারে। এখানেই ১৯ জন জুডিশিয়াল অফিসার ভোটারদের নথি খতিয়ে দেখবেন। একজন অফিসার পিছু ৩ জন করে ADM পদমর্যাদার আধিকারিক তাঁদের সহযোগিতার জন্য থাকবেন। এছাড়াও ২০০ জন মাইক্রো অবজার্ভার কাজ করবেন।নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত সোমবার থেকেই কাজ শুরু করবে ট্রাইবুনাল। সোমবারই তিন দিনের রাজ্যে সফরে আসছেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী।
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে প্রথমে দুর্গাপুর, তারপর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি , উত্তর ২৪ পরগনা হয়ে কলকাতায় পৌঁছবেন তিনি। উত্তরবঙ্গে আসছে নির্বাচন কমিশনের আরও একটি টিম। তার আগে রবিবার SIR-এ নাম বাদের প্রতিবাদে পথে নামে দেশ বাঁচাও গণ মঞ্চ। একই ইস্য়ুতে সরব হয়েছে দ্য এডুকেশনিস্ট ফোরাম ওয়েস্টবেঙ্গল। সব মিলিয়ে ভোটের দিন দশেক আগেও SIR নিয়ে প্রশ্ন-বিতর্ক-চাপানউতোর থামছে না।

