বন্ধ হতে পারে রান্নার গ্যাসের ভর্তুকি

ডেস্ক: শীঘ্রই নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে রান্নার গ্য়াসের ভর্তুকি । কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে উচ্চ আয়ের গ্রাহকদের LPG ভর্তুকি থেকে বাতিলের প্রক্রিয়ায় এবার জোর দেওয়া হয়েছে। এই বিষয়ে আপডেট পেতে আপনার মোবাইলে আসা SMS-এর দিকে নজর দিন। আগামী সাত দিনের মধ্যে বন্ধ হতে পারে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি।
বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। আয়কর দফতরের তথ্যের সঙ্গে গ্যাস সংযোগের তথ্য মিলিয়ে দেখে ইতিমধ্যেই ওএমসি বা তেল বিপণন সংস্থাগুলিকে গ্রাহকদের চূড়ান্ত নোটিস পাঠাতে বলা হয়েছে। সেই অনুযায়ী SMS পাঠানো হবে আপনার মোবাইলে।
অতীতে এই বিষয়ে একটি নিয়ম থাকলেও সরকার ভর্তুকির বিষয়টি স্বেচ্ছায় ত্যাগের মধ্যে রেখেছিল। এবার নিয়ম মেনে যাদের পরিবারের যেকোনও সদস্যের আয় ১০ লাখ টাকার বেশি হবে তাদের ভর্তুকির তালিকা থেকে বাদ দেওয়া হবে। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার নিয়ম করেছিল, যেসব গ্রাহক বা তাঁদের পরিবারের কোনও সদস্যের বার্ষিক করযোগ্য আয় ১০ লক্ষ টাকার বেশি, তাঁরা রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন না। এতদিন এটি মূলত ‘গিভ ইট আপ’ বা স্বেচ্ছায় ত্যাগের বিষয় ছিল। কিন্তু এখন সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। সরাসরি আয়কর দফতরের রেকর্ডের সঙ্গে এই টাকার তথ্য যাচাই শুরু করেছে।
ইন্ডিয়ান অয়েল , ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম -এর পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হচ্ছে, “আয়কর দফতরের রেকর্ড অনুযায়ী আপনার বার্ষিক আয় ১০ লক্ষ টাকার বেশি। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিলে আপনার এলপিজি ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।”
নিয়ম অনুসারে, এসএমএস পাওয়ার পর গ্রাহকরা মাত্র ৭ দিন সময় পাবেন হাতে। এই সময়ের মধ্যে কোনও পদক্ষেপ না নিলে ‘পহল’ প্রকল্পের আওতায় আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা আসা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।
যদি আপনার আয় নির্ধারিত সীমার কম হওয়া সত্ত্বেও এই নোটিশ আপনার কাছে পৌঁছয়, তবে আপনি অভিযোগ জানাতে পারবেন।টোল-ফ্রি হেল্পলাইন: ১৮০০-২৩৩৩-৫৫৫ (1800-2333-555) নম্বরে কল করুন।
অনলাইন পোর্টাল: সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির নিজস্ব ডিজিটাল পোর্টালে গিয়ে অভিযোগ নথিভুক্ত করুন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ভর্তুকি বন্ধ হলেও আপনি বর্তমান বাজার দরে সিলিন্ডার কিনতে পারবেন। তবে সরকার থেকে রিফান্ড বা ভর্তুকির টাকা আর অ্যাকাউন্টে আসবে না।

