অগাস্ট এ অন্নপূর্ণা যোজনার বড়ো আপডেট ,কারা কারা পাবে এই টাকা?

ডেস্ক: জুন মাসে প্রথম দফায় কিছু জন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন। এরপর জুলাই মাসেই অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে যাঁরা এখনও টাকা পাননি, অথচ যোগ্য, তাঁরাও টাকা পেয়ে যাবেন বলে দিনকয়েক আগেই উত্তরবঙ্গ থেকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগাস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর যাঁরা যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তাঁরা সকলেই এই টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, “অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার-ভেরিফিকেশনে। ৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তাঁরা পেয়ে যাবেন।”

প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। এবার অগাস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা। স্ট্যাটাস চেক করতে কোনও সমস্যায় পড়লে সরকার নির্ধারিত হেল্পলাইন নম্বর বা সংশ্লিষ্ট পোর্টালের সহায়তা নেওয়া যেতে পারে। সাম্প্রতিক সময়ে এই সংক্রান্ত অনুসন্ধান বেড়ে যাওয়ায় প্রশাসনও আবেদনকারীদের অনলাইন স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিচ্ছে।

রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি। এর আগে গত ১৪ জুলাই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “কাউকেই চিন্তা করার কোনও কারণ নেই। ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে ৯ মাস লাগিয়ে দিয়েছিল। ১ কোটি ২০ লক্ষ লোককে তো দেড়মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য, তাঁরা পাবেন। অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন ৩০ অগাস্ট অবধি চলবে।” তিনি আরও বলেছিলেন, “প্রত্যেকটা বিধানসভায় গড়ে ৩৫-৪০ হাজার মহিলারা পেয়েছেন। বাকি যদি প্রয়োজন হয় আরও ২ হাজার, ৫ হাজার, ৭ হাজার প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন।”

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *