ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে , কি জানালো আবহাওয়া দপ্তর?

Warnings of severe weather from north to south—what has the Meteorological Department said?

ডেস্ক : উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দু’জায়গাতেই আপাতত চলবে ঝড়বৃষ্টির। দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল ৩০ জুলাই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত হাল্কা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি রয়েছে বেশ কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ – এই জেলাগুলিতে আগামীকাল ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির জন্য এইসব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

৩১ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত কিছুটা কমবে ঝড়বৃষ্টির দাপট। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ৪ অগস্ট থেকে ফের বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪ অগস্ট। জারি হয়েছে হলুদ সতর্কতাও। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান – এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই তিন জেলার দু-এক জায়গাতেই তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলবে ঝড়বৃষ্টি। অর্থাৎ উইকেন্ডে ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা কমলেও ফের নতুন সপ্তাহের শুরু থেকেই বাড়বে দুর্যোগ।

১ অগস্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার – উত্তরবঙ্গের উপরের দিকের এই ৫ জেলায় ১ অগস্ট ভারী দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উল্লিখিত ৫ জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। ২ অগস্ট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার – এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাৎ উইকেন্ডে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *