নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই, আজ কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

ডেস্ক:ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়েছে বঙ্গোসাগরে তৈরি নিম্নচাপ। ফলে, একটানা বৃষ্টির পরিস্থিতি কেটে গিয়েছে। কিন্তু এখনই একেবারে পরিষ্কার হচ্ছে না বঙ্গের আবহাওয়া। বাড়তি সতর্কতা জারি করল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট কী বলছে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও। পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার। রবিবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে বেশিরভাগ সময়েই।

